জুলাই অভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুইজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আজ তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে প্রথম ও দ্বিতীয় দিনে সাক্ষ্য দেন গুলিবিদ্ধ আমির হোসেন এবং নিহত বাসিত খান মুসার বাবা মুস্তাফিজুর রহমান। আদালতে আমির হোসেন জানান, আন্দোলনের সময় গুলির ভয়ে তিনি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু তিনজন পুলিশ পরপর দুই দফায় তাকে ছয় রাউন্ড গুলি করে।
গুলিবিদ্ধ হওয়ার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অন্যদিকে, বাসিত খান মুসার বাবা জবানবন্দিতে বলেন, তার চোখের সামনেই ছেলে ও স্ত্রীকে গুলি করা হয়। তিনি আদালতের কাছে দায়ীদের কঠোর শাস্তি দাবি করেন।