ডিজিটাল খাত থেকেই আসবে পরিবর্তন, জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্ব নেতৃত্ব দেবে: ড. ইউনূস

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিল, ঠিক তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার সূচনা করবে। তার মতে, জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারীরাই একদিন বিশ্বে নেতৃত্বের আসনে বসবে। তিনি স্মরণ করেন, জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভ সৃষ্টি হয়েছিল, সেটিই শেষ পর্যন্ত একটি শক্তিশালী সরকারের পতনের কারণ হয়।

ড. ইউনূস আরও বলেন, বর্তমানে ডিজিটাল খাতই সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। কারণ এই খাত থেকেই পরিবর্তনের সূচনা হয় এবং এর প্রভাব পড়ে দেশের অন্যান্য সব খাতে। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

নাগরিক সেবার ডিজিটালাইজেশন কাগজে-কলমে সীমাবদ্ধ থাকছে উল্লেখ করে তিনি বলেন, সরকার শুধু একটি কার্যকর সিস্টেম তৈরি করে জনগণের হাতে তুলে দেবে। এরপর জনগণ নিজেদের প্রয়োজন অনুযায়ী সেটি ব্যবহার করবে। এখানেই তথ্যপ্রযুক্তির প্রকৃত শক্তি নিহিত রয়েছে।

পার্বত্য চট্টগ্রামের প্রসঙ্গ টেনে ড. ইউনূস বলেন, পাহাড়ের তিন জেলায় প্রায় আড়াই হাজার স্কুল থাকলেও মাত্র ১২টি স্কুলে ইন্টারনেট সংযোগ রয়েছে। যেসব স্কুলে শিক্ষক সংকট রয়েছে, সেখানে ইন্টারনেটই সবচেয়ে ভালো শিক্ষক হিসেবে ভূমিকা রাখতে পারে।

সবার জন্য চাকরি নিশ্চিত করার ধারণাকে ভুল উল্লেখ করে তিনি বলেন, এটি এক ধরনের দাস প্রথার মতো। বরং উদ্যোক্তা তৈরিতে সরকারকে সহায়কের ভূমিকা পালন করতে হবে, যাতে মানুষ নিজেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।

সরকারি চাকরি প্রসঙ্গে তিনি মত দেন, একজন কর্মকর্তার পাঁচ বছরের বেশি একই চাকরিতে থাকা উচিত নয়। এতে তাদের চিন্তাধারা এক জায়গায় আটকে যায় এবং সৃজনশীলতা নষ্ট হয়। তার মতে, প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পর পর নতুনভাবে শুরু করা প্রয়োজন, কারণ সময়ের সঙ্গে লক্ষ্য বদলালেও অনেকেই পুরোনো চিন্তা নিয়েই প্রতিষ্ঠানে বসে থাকেন।

জালিয়াতি বন্ধের আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, জালিয়াতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রযুক্তিতে এগিয়ে যেতে হলে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে চলার সামর্থ্য আমাদের আছে, শুধু সঠিক পথে এগোতে হবে।

এলাকার খবর

সম্পর্কিত