ভোট দিতে পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার ৬৯৯ প্রবাসী

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৬৯৯ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার আপডেটে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এই তথ্য জানা যায়। নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ৩ হাজার ৫৭৮ জন পুরুষ এবং ২০ হাজার ১২১ জন নারী।

দেশভিত্তিক নিবন্ধনের হিসাবে সবচেয়ে বেশি ভোটার নিবন্ধন করেছেন সৌদি আরবে—৫১ হাজার ৬৪৯ জন। এরপর যুক্তরাষ্ট্রে ১৯ হাজার ৫৯৯ জন, কাতারে ১৩ হাজার ৯৮ জন, সংযুক্ত আরব আমিরাতে ১২ হাজার ৫০০ জন, মালয়েশিয়ায় ১২ হাজার ১৬২ জন, সিঙ্গাপুরে ১২ হাজার ১৩৩ জন, যুক্তরাজ্যে ১১ হাজার ১৯৮ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৫১১ জন, কানাডায় ৯ হাজার ২৮০ জন, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৯২৪ জন এবং ইতালিতে ৭ হাজার ৬০৮ জন নিবন্ধন করেছেন।

নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির বার্তায় বলা হয়েছে, নিবন্ধনের সময় অবস্থানরত দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সঠিক ঠিকানা উল্লেখ করতে হবে। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও ব্যবহার করা যেতে পারে।

ইসি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করেছে। একই সঙ্গে বিশ্বের সব দেশের প্রবাসীরা ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অ্যাপটি ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আউট অব কান্ট্রি ভোটিংয়ের জন্য নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং বিশ্বের যেকোনো স্থান থেকেই অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করা যাবে। তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ এলাকা থেকে বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং’ (আইসিপিভি) চালু করা হবে। তফসিল ঘোষণার পর ১৫ দিন এই নিবন্ধন প্রক্রিয়া চলবে।

প্রধান নির্বাচন কমিশনার গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং নির্দিষ্ট ১৪৮ দেশে প্রবাসী ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। প্রবাসীদের ভোট দিতে হলে সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাপটি ইনস্টল ও নিবন্ধন করতে হবে। বিদেশে ব্যালট পৌঁছানোর জন্য সঠিক ঠিকানা দেওয়া অত্যন্ত জরুরি বলে জানিয়েছে ইসি।

এলাকার খবর

সম্পর্কিত