দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড় ও এর পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁওয়ে হেমন্তের শুরুতেই নেমে এসেছে শীতের আমেজ। গত দুই দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হিমেল হাওয়ায় বেড়েছে শীতের অনুভূতি।
অবস্থানগত কারণে হিমালয়ের কাছাকাছি এই দুই জেলায় প্রতিবছরই আগাম শীত নামে এবং বিদায় নেয় সবচেয়ে শেষে। শুক্রবার (৩১ অক্টোবর) পঞ্চগড়ে তাপমাত্রা নেমে এসেছে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে এলাকা, আর সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঠান্ডা আরও বেড়ে যায়।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবারে ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অব্যাহত বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে তেমন বের হচ্ছেন না; হাট-বাজারও ছিল ফাঁকা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্নআয়ের মানুষ।
এদিকে শীতের আগাম প্রস্তুতি হিসেবে অনেকেই লেপ-কম্বল সেলাই করাতে শুরু করেছেন। কিন্তু খেটে খাওয়া মানুষদের সেই সামর্থ নেই। তারা এখনই শীতের কষ্ট নিয়ে চিন্তিত। প্রতিবছর সরকারের পক্ষ থেকে কিছু শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অল্প এবং বেশিরভাগই শহরকেন্দ্রিক।
পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী বলেন, “হিমালয় কন্যা হিসেবে পরিচিত পঞ্চগড়ে অন্য জেলার তুলনায় আগেই শীত শুরু হয়। শীত নিয়ে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে আমরা প্রস্তুত আছি। ইতোমধ্যে শীতবস্ত্রের চাহিদা জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।