নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে।”

বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার সাত সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কানাডিয়ান সিনেটর সালমা আতাউল্লাহজান।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং ভবিষ্যৎ উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। ড. ইউনূস প্রতিনিধিদলকে বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া এবং আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি সম্পর্কেও অবহিত করেন।

তিনি বলেন, “আপনারা এমন এক সময়ে বাংলাদেশে এসেছেন যখন দেশটি এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এটি তরুণদের নেতৃত্বে পরিচালিত এক গণআন্দোলনের ফলাফল। এখন আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা হবে বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়।”

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, “রোহিঙ্গা ইস্যু চলছে আট বছর ধরে। তাদের নিজ দেশে প্রত্যাবর্তনই একমাত্র টেকসই সমাধান। প্রায় ১২ লাখ রোহিঙ্গা এখানে বসবাস করছে, যাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।”

সিনেটর সালমা আতাউল্লাহজান বলেন, “রোহিঙ্গা ইস্যুটি একটি গুরুতর মানবিক সংকট। কানাডা সবসময় এই বিষয়ে বাংলাদেশের পাশে থাকবে। বিশ্বকে এখন তাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও সক্রিয় হতে হবে।”

তিনি ড. ইউনূসকে ধন্যবাদ জানান রোহিঙ্গা ইস্যু সমাধানে তার অব্যাহত ভূমিকার জন্য।

প্রতিনিধিদলে আরও ছিলেন সংসদ সদস্য সালমা জাহিদ, সামির জুবেরি, মাহমুদা খান, মাসুম মাহবুব, আহমদ আতিয়া এবং উসামা খান। সাক্ষাতে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদও।

 

এলাকার খবর

সম্পর্কিত