প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সতর্ক করে বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতর ও বাইরে থেকে বড় শক্তি কাজ করবে। এটি ছোটখাটো কোনো প্রচেষ্টা হবে না, বরং পরিকল্পিতভাবে নানা ধরনের আক্রমণ বা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হতে পারে। তাই এই নির্বাচন হবে একটি চ্যালেঞ্জিং নির্বাচন, তবে যত ঝড়-ঝাপ্টাই আসুক না কেন, তা অতিক্রম করতে হবে।
বুধবার (২৯ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সমন্বয় সভায় তিনি এই কথা বলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের কাছে বিষয়টি ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন— সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হবে। দেশি-বিদেশি বিভিন্ন মহল থেকে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও ও তথ্য ছড়ানো হতে পারে নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে। তাই এসব অপপ্রচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তা মোকাবিলা করতে হবে, যাতে তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে।
তিনি আরও বলেন, একটি সুন্দর ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করতে হলে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে। ভোটের নিয়ম-কানুন, ভোটকেন্দ্রে আচরণবিধি, বিশৃঙ্খলা হলে করণীয়— এসব বিষয়ে জনগণকে সচেতন করতে হবে।
প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বেশি সংখ্যক টিভিসি, ডকুমেন্টারি ও ভিডিও কনটেন্ট তৈরি করতে, যাতে সেগুলো দ্রুত ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা যায়। এর মাধ্যমে সাধারণ মানুষ নিজেরাই নির্বাচনের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে জানতে পারবেন বলেও উল্লেখ করেন প্রেস সচিব শফিকুল আলম।