বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার ওপর জোর দিয়েছে বলে জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, বিএনপিকে আশ্বস্ত করা হয়েছে যে, বর্তমান সরকার সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকারের কোনো সংশয় নেই। তবে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যের কারণে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জুলাই সনদ বাস্তবায়নে অগ্রগতি দেখা গেলে রাজনৈতিক অনিশ্চয়তা দ্রুত কেটে যাবে, এবং সরকার জনগণের আস্থা পুনরুদ্ধারেই কাজ করছে।
বিএনপির জনপ্রশাসনের বদলি ও নিয়োগ সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, এসব বিষয়ে প্রধান উপদেষ্টা নিজেই তদারকি করবেন। তার মতে, সব রাজনৈতিক দলই যখন বলে প্রশাসনে দলীয় লোক রয়েছে, তখন সেটিই প্রমাণ করে—এই সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে।
১৫ সেনাকর্মকর্তাকে সাবজেলে রাখার সিদ্ধান্ত প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। তিনি উল্লেখ করেন, গুম-খুনের অভিযোগে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধা প্রশংসনীয়। কোথায় আসামিদের রাখা হবে, তা সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যা উপযুক্ত মনে করবে, সেটিই বাস্তবায়িত হবে।
প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বলেন, আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।