মাঠ পর্যায় থেকে উঠে যাচ্ছে এনআইডির বয়স সংশোধন

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষেত্রে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে বয়স সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো এখন থেকে মাঠ পর্যায়ে নয়, সরাসরি ইসির প্রধান কার্যালয়ে সম্পন্ন হবে—এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংস্থাটি।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর জানান, নতুনভাবে তৈরি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)–এর খসড়ায় এ পরিবর্তন অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি বলেন, “বয়স সংশোধন একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। অতীতে কিছু ক্ষেত্রে দেখা গেছে, অপরাধী দৃষ্টিভঙ্গি থেকে তথ্য পরিবর্তনের প্রবণতা বেড়েছে। তাই এই দায়িত্ব মাঠ পর্যায়ের বদলে কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।”

ডিজি আরও জানান, এনআইডি সংশোধনের পরিমাণ সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে ডাটাবেজের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। তাই তথ্যের অপব্যবহার রোধ এবং ডাটাবেজের সুরক্ষা নিশ্চিত করতে সংশোধনের প্রক্রিয়া আরও কঠোর করা হচ্ছে।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রিত ও স্বচ্ছ রাখা। অনেক ক্ষেত্রে মানুষ সত্যিই সমস্যায় পড়ছে, কিন্তু কিছু ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যে পরিবর্তন আনা হচ্ছে। তাই এসব অনিয়ম রোধে ব্যবস্থা নেওয়া জরুরি।”

শুধু বয়স সংশোধন নয়, নতুন এসওপিতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। এর মধ্যে রয়েছে—

  • সংশোধনের বিভিন্ন ফিল্ডের জন্য সুনির্দিষ্ট করণীয় নির্ধারণ

  • আবেদন নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ

  • দীর্ঘদিন ধরে ফেলে থাকা আবেদনগুলোর দ্রুত সমাধান

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রস্তাবগুলো কমিশন পর্যায়ে আলোচনার জন্য তোলা হবে। অনুমোদন পেলে দ্রুত কার্যকর করা হবে বলে জানান হুমায়ুন কবীর।

গতকাল রোববার (৯ নভেম্বর) জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত কমিটির সভায় এসব প্রস্তাব আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ

সভায় আরও আলোচনা হয়—দেশি ও প্রবাসী নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া, এনআইডি প্রণয়ন, সংশোধন প্রক্রিয়ার মানোন্নয়ন এবং আবেদন নিষ্পত্তির গতি বাড়ানোর বিভিন্ন কৌশল নিয়ে।

এলাকার খবর

সম্পর্কিত