বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধি, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করেছেন।
সোমবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই কর্মসূচি শুরু হয়। তবে, শিক্ষকরা সচিবালয়ের দিকে এগোতে না পারেন—সেই লক্ষ্যে শিক্ষা ভবন মোড়ে শক্ত অবস্থান নিয়েছে পুলিশ।
শিক্ষা ভবনের আগে হাইকোর্ট মাজারগেটে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া, দোয়েল চত্বর থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ জলকামানও প্রস্তুত রেখেছে বলে জানা গেছে।
কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই কয়েক হাজার শিক্ষক শহীদ মিনারে জড়ো হন। প্রথমে দুপুর ১২টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও তা পিছিয়ে বিকেল ৪টায় শুরু হয়।
একজন শিক্ষক জানান, “আমাদের কর্মবিরতি চলবে। দাবিগুলো মেনে প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণিকক্ষে যাবেন না।”