মাহফুজ-আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হবে।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য মঙ্গলকামনা করেছেন।

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দেখা করে নিজেদের পদত্যাগপত্র জমা দেন মাহফুজ ও আসিফ। দায়িত্বের মধ্যে ছিলেন—মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে।

সরকারের শীর্ষ পর্যায় থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই তাদের পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা আরও কিছু সময় চেয়েছিলেন। এর মধ্যে মাহফুজ আলম সরকারের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত থাকতে আগ্রহ প্রকাশ করেছিলেন এবং জানিয়েছেন যে তিনি নির্বাচনেও অংশ নেবেন না।

এলাকার খবর

সম্পর্কিত