রূপনগরে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১৬, এখনো চলছে উদ্ধার অভিযান

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন,
“রূপনগরে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে ৯ জনের মরদেহ পাওয়া গেলেও, পরে আরও সাতজনকে উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান এখনো চলমান।”

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন,
“গার্মেন্টস ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভবনের কেমিক্যাল গোডাউনের আগুন এখনও জ্বলছে। ৬ থেকে ৭ ধরনের দাহ্য কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কর্মীরা বের হতে না পেরে ভেতরেই আটকা পড়েন।”

অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী এলাকায়। ভবনটিতে ছিল একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গোডাউন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট পর্যন্ত কমপক্ষে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

এছাড়া, বেশ কয়েকজন আহত ও দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আগুন নেভাতে ১২টিরও বেশি ইউনিট কাজ করছে। ভবনে কেমিক্যাল থাকায় প্রবল ধোঁয়া ও তাপের কারণে উদ্ধারকর্মীদের প্রবেশে বেশ বেগ পেতে হচ্ছে।

এলাকার খবর

সম্পর্কিত