রোডম্যাপের মূল বিষয়সমূহ ও কোন তারিখে কী?একপলকে দেখে নিন

 ছবি:
ছবি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করল ইসি

ঢাকা, ২৮ আগস্ট বৃহস্পতিবার – রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আজ দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিস্তারিত কর্মপরিকল্পনা (রোডম্যাপ) প্রকাশ করেছেন। রোডম্যাপ অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ভোটগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর ভোটের তফসিল ঘোষণা হতে পারে চলতি বছরের ডিসেম্বরের শুরুতে।

ইসি জানিয়েছে, আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে ২৪টি গুরুত্বপূর্ণ বিষয় ২০৭টি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রতিটি ধাপের জন্য নির্দিষ্ট সময়সীমা উল্লেখ থাকবে। তবে ভোটগ্রহণ ও তফসিল ঘোষণার চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত হয়নি।

রোডম্যাপের মূল বিষয়সমূহ

  • ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদ
  • নির্বাচনী আইন-বিধি সংস্কার
  • রাজনৈতিক দলের নিবন্ধন সম্পন্নকরণ
  • সংসদীয় আসনের সীমানা চূড়ান্তকরণ
  • দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা অনুমোদন
  • পোস্টার, ব্যালট ও অন্যান্য নির্বাচনী সামগ্রী মুদ্রণ ও সংগ্রহ
  • নির্বাচনী বাজেট প্রণয়ন ও অর্থ বরাদ্দ
  • ভোটকেন্দ্র স্থাপন ও প্রশাসনিক প্রস্তুতি
  • নির্বাচনী ফলাফল প্রচার ব্যবস্থাপনা
  • পোস্টাল ভোটিং প্রক্রিয়া চালু করা

অংশীদারদের সঙ্গে সংলাপ

ইসি জানিয়েছে, নির্বাচনের আগে রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিকসহ আট শ্রেণীর অংশীদারদের সঙ্গে সংলাপ করা হবে। এই সংলাপ শুরু হবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এবং চলবে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত।

ভোটার তালিকা হালনাগাদ

  • দ্বিতীয় ধাপের সম্পূরক খসড়া প্রকাশ করা হয়েছে।
  • ৩১ আগস্ট – খসড়া তালিকা চূড়ান্ত হবে।
  • ১ নভেম্বর – নতুন খসড়া প্রকাশ।
  • ৩০ নভেম্বর – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।

নির্বাচনী আইনবিধি সংস্কার

সব আইনবিধি সংশোধন ও প্রণয়নের কাজ ৩১ আগস্টের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

আইন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন কয়েকটি গুরুত্বপূর্ণ আইন হলোঃ

  • সংসদীয় আসন পুনঃনির্ধারণ আইন
  • ভোটার তালিকা আইন
  • ভোটকেন্দ্র নীতিমালা
  • দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা
  • নির্বাচন পরিচালনা (সংশোধন) আইন ২০২৫
  • নির্বাচন কর্মকর্তা আইন ১৯৯১
  • নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯

এসবের কাজ ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।

রাজনৈতিক দল নিবন্ধন

  • ৩১ আগস্ট – প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ দলগুলোর মাঠ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ সময়।
  • ৩০ সেপ্টেম্বর – রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করা হবে।

সীমানা নির্ধারণ

  • ১৫ সেপ্টেম্বর – সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ ও গেজেট প্রকাশ।
  • ৩০ সেপ্টেম্বর – জিআইএস ম্যাপ প্রকাশ।

পর্যবেক্ষক ও সাংবাদিক

  • ২২ অক্টোবর – নির্বাচন পর্যবেক্ষক নিবন্ধন চূড়ান্ত।
  • ১৫ নভেম্বর – নিবন্ধন সনদ প্রদান।
  • একই তারিখের মধ্যে বিদেশী পর্যবেক্ষক ও সাংবাদিকদের অনুমতি প্রদান সম্পন্ন করা হবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ সময়সূচি

  • ১৫ সেপ্টেম্বর – নির্বাচনী ম্যানুয়েল, নির্দেশিকা, পোস্টার ইত্যাদি মুদ্রণ শেষ।
  • ৩১ অক্টোবর – মাঠ প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু।
  • ১৫ নভেম্বর – নির্বাচনী বাজেট চূড়ান্ত।
  • ১৬–২০ নভেম্বর – আইন-শৃঙ্খলা বাহিনীর অনুকূলে অর্থ বরাদ্দ বৈঠক।
  • ৩০ নভেম্বর – জনবল ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন, সচেতনতামূলক প্রচার শেষ।
  • ৩১ ডিসেম্বর – সব নির্বাচনী মালামাল সংগ্রহ ও বিতরণ শেষ।
  • ২০২৬ সালের জানুয়ারি – প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট কার্যক্রম শেষ।

ইসি জানায়, ধাপে ধাপে সব কার্যক্রম বাস্তবায়ন করা হলে নির্ধারিত সময়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব পক্ষের সহযোগিতা কামনা করেছে কমিশন।

 

এলাকার খবর

সম্পর্কিত