বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন করে এই লঘুচাপ তৈরি হয়। সম্প্রতি আরও একটি লঘুচাপ সৃষ্টি হলেও তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে গিয়েছিল। তবে এবারেরটি আরও সক্রিয় হতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। নিম্নচাপে রূপ নিলে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এর আংশিক প্রভাব পড়তে পারে, ফলে সপ্তাহের শেষ দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া সোমবার থেকে দেশের দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।
আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা বাড়বে, বিশেষ করে উপকূলীয় ও দক্ষিণাঞ্চলে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, “নতুন যে লঘুচাপ তৈরি হয়েছে, সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে, এর মূল প্রভাব ভারতের উপকূলে পড়বে। বাংলাদেশের উপকূলেও আংশিক প্রভাব থাকতে পারে। এর প্রভাবে বুধবারের দিকে কিছু এলাকায় বৃষ্টি শুরু হতে পারে।”