রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভে নেমেছে পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শিক্ষার ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলছে—এ অভিযোগে তারা বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ শুরু করে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে সকাল থেকেই ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা স্কুলিং মডেল বাতিলসহ উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখার দাবি জানান। পরে পাঁচ কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মিছিলসহ শাহবাগে গিয়ে অবরোধ চালু করেন।
ঢাকা কলেজের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, স্কুলিং মডেল বাস্তবায়ন হলে পাঁচটি সরকারি কলেজেই উচ্চমাধ্যমিক পর্যায়ের আসন ও কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তাই তারা শুরু থেকেই এ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি আরও জানান, এই পদ্ধতি বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।