সরকারের ৫% ভাতা প্রত্যাখ্যান, সোমবার থেকে আমরণ অনশনে যাচ্ছেন শিক্ষকরা

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

মূল বিষয়: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা সরকারের দেওয়া ৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এর পরিবর্তে, ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবি আদায়ে সোমবার (২০ অক্টোবর) থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

বিস্তারিত: রোববার (১৯ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘ভুখা মিছিল’ বের করেন হাজার হাজার শিক্ষক। মিছিলটি হাইকোর্ট মাজার মোড়ে পৌঁছানোর পর জোটের সদস্য সচিব দেলোয়ার হোসাইন আজিজী এই নতুন ও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে, শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানান। তিনি বলেন, “সরকারের নানা সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি, শিক্ষক সমাজের আরও বেশি পাওয়া উচিত, কিন্তু বর্তমান অবস্থায় সরকারের সিদ্ধান্ত মেনে তাদের ক্লাসে ফেরা উচিত।”

অর্থ মন্ত্রণালয় শিক্ষকদের মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির একটি আদেশ জারি করে, যা নভেম্বর মাস থেকে কার্যকর হওয়ার কথা। তবে, আন্দোলনরত শিক্ষকরা এই প্রস্তাবকে ‘অপর্যাপ্ত’ বলে প্রত্যাখ্যান করেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন।

শিক্ষকরা জানান, ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।

এলাকার খবর

সম্পর্কিত