রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
এই আদেশের ফলে লতিফ সিদ্দিকীর কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী জেড আই খান পান্না। আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল ও আল আমিন হোসেন।
সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল জানান, এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
এর আগে, গত ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২৮ আগস্ট সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে উপস্থিত থেকে লতিফ সিদ্দিকী বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন ও অন্যদের উসকানি দেন।
পরে বৈঠকে উপস্থিত ৭০-৮০ জনের মধ্যে থেকে ১৬ জনকে আটক করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, ‘মঞ্চ ৭১’ নামের সংগঠনটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও, সরকার উৎখাতের ষড়যন্ত্রই ছিল তাদের প্রকৃত উদ্দেশ্য।
মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন—মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মহিউল ইসলাম বাবু, জাকির হোসেন, তৌছিফুল বারী খান, আমির হোসেন সুমন, আল আমিন, নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী ও আব্দুল্লাহীল কাইয়ুম।
তদন্ত কর্মকর্তা তৌফিক হাসান আসামিদের কারাগারে রাখার আবেদন করেন।
রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও, হাইকোর্ট আজ লতিফ সিদ্দিকীর পক্ষে জামিনের আদেশ দেন।