আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজিত এক সভায় তিনি আগাম এই তথ্য জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আজকের মধ্যেই এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হবে।
তিনি বলেন, যৌথবাহিনীর এই অভিযান শুরুর বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সকল বাহিনী প্রধানদের নিয়ে ইতোমধ্যে বৈঠক হয়েছে। এ সংক্রান্ত সিদ্ধান্ত ও নির্দেশনা সম্পর্কে সংশ্লিষ্ট সব হেডকোয়ার্টার অবগত রয়েছে। পরিপত্র জারি হলে সারা দেশে একযোগে এই কার্যক্রম শুরু হবে।
আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, যৌথবাহিনীর অভিযানের মূল লক্ষ্য তিনটি। প্রথমত, নির্বাচন সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ রয়েছে, সেগুলো উদ্ধার করা। যেসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে না, সেগুলো যেন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার না হয়, সে বিষয়েও নজর রাখা হবে।
দ্বিতীয় লক্ষ্য হিসেবে তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। আর তৃতীয়ত, নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধির বড় ধরনের লঙ্ঘন হলে তা যৌথবাহিনী তদারকি করবে। ছোটখাটো অনিয়ম দেখভালের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট নিয়মিত কমিটিগুলোর ওপর।
রোহিঙ্গা ক্যাম্পসংক্রান্ত বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। সানাউল্লাহ বলেন, ক্যাম্পগুলো সিল করে দিতে হবে এবং স্থল সীমান্ত ও সাগরপথে নজরদারি আরও জোরদার করতে হবে, যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা এসব এলাকা ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে।