প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এই বৈঠক শুরু হয়।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈঠকে উপস্থিত রয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং সাবেক সচিব ড. খ ম কবিরুল ইসলামসহ মোট চারজন প্রতিনিধি।
বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ কর্মকর্তারা অংশ নেন। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৈঠকে আসন্ন নির্বাচনসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।