রাজধানীর আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি-মতিঝিল বিভাগ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আকির মিয়া রাকিব (২৮), মেহেদী হাসান ওরফে হাসান (২২) ও মামুন মিয়া (৪৫)। বুধবার নটরডেম কলেজের সামনে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানাধীন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয় এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আকির মিয়া রাকিবের বিরুদ্ধে কুমিল্লা জেলায় আগেও দুটি মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। বর্তমানে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।