নিরাপদ সড়কসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে তারা রাস্তায় অবস্থান নিলে মুহূর্তেই ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে আশপাশের রাস্তাগুলোতেও তীব্র যানজট সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার ফার্মগেট এলাকায় ট্রাকচাপায় সহপাঠী সিফাতের মৃত্যুর ঘটনার বিচার না হওয়ায় তারা রাস্তায় নেমেছেন। তাদের অভিযোগ—সিফাত হত্যাকাণ্ডের পরও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি, বরং আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া হয়েছে, যা তারা মানতে নারাজ।
আন্দোলনকারীরা প্রশাসনের ক্ষমা প্রার্থনা, ফুটপাত দখলমুক্তকরণ, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ, হেলমেট ছাড়া মোটরসাইকেল চলাচল বন্ধ এবং সিফাত হত্যার দ্রুত বিচারসহ পাঁচ দফা দাবি উত্থাপন করেন।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে তারা আরও কঠোর আন্দোলনের পথে যাবে।