চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে স্থানীয়রা অবরোধ কর্মসূচি পালন করছে। রোববার সকাল ৯টা থেকে কেরানিহাট এলাকায় বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেন, ফলে ব্যস্ত এই মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা জানান, মহাসড়কটি এখন একেবারে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে এবং প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। তাদের অভিযোগ, সড়কটির অনেক অংশ গলির চেয়েও সরু, জাঙ্গালিয়ার মতো এলাকা ঢালু ও আঁকাবাঁকা এবং রাতে লবণবাহী গাড়ির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।
বিক্ষোভকারীরা বলেন, শুধু স্থানীয়রা নয়, দেশের অর্থনীতি, পর্যটন এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমের জন্যও এই মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন লক্ষাধিক মানুষ এই পথ ব্যবহার করলেও বহুদিন ধরে সড়ক প্রশস্তকরণে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এর আগে একই দাবিতে ৬ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয় এবং ১১ এপ্রিল সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছেও দাবি জানানো হয়। কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় এলাকাবাসী আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।